বালাগঞ্জের প্রাণী সম্পদ অফিসে জাতীয় পতাকা নেই!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:১৩:৩৪,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫১৬ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় পতাকার প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ রয়েছে পৃথিবীর সব দেশেই। খেলার মাঠে হোক কিংবা যুদ্ধের ময়দানে হোক, একটি দেশের পরিচয় বহনকারী হিসেবে সামনে রাখা হয় জাতীয় পতাকা। বাংলাদেশ স্বাধীনের পর থেকেই এদেশের প্রত্যেক বিদ্যালয়ে চালু করা হয়েছে লাল সবুজের চিত্র খচিত জাতীয় পতাকাকে।
জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ও উপজেলায় নেয়া হয়েছে ব্যতিক্রমী বিভিন্ন উদ্যোগ। তবে এসব বৃত্তের বাইরে রয়েছে বালাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। জাতীয় পতাকার প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ তো দূরের কথা, খুদ এই দপ্তরে একটি সু-সজ্জিত ফ্ল্যাগস্ট্যান্ড থাকার পরও জাতীয় পতাকা টাঙ্গানো নেই।
বালাগঞ্জের সচেতন মহল মনে করেন, একটি সরকারী দপ্তরে যদি পতাকার অবস্থা এমন হয় তাহলে সাধারণ মানুষের আর বলার কিছু নেই। এ প্রতিবেদক সরেজমিনে ১৫ কার্যদিবস বালাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ঘুরে দেখেন। সব কটি দিনের অবস্থাই একই। একটি সুন্দর মনোরম ভবন, আছে একটি সু-সজ্জিত ফ্ল্যাগস্ট্যান্ড, নেই শুধু ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের অন্যতম ফসল লাল সবুজের চিত্র খচিত জাতীয় পতাকা।
এ বিষয়ে জানতে চাইলে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. জসিম উদ্দিন বলেন, কোনো সরকারী অফিস যদি উপজেলা কমপ্লেক্সের বাইরে হয় তাহলে পতাকা টাঙ্গানোর বাধ্য বাধ্যকতা রয়েছে। বিষয়টি আমি দেখছি। বালাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুছ মিয়া বলেন, আমি যে জায়গাতেই চাকুরী করেছি কোথাও জাতীয় দিবস ছাড়া পতাকা টাঙ্গাইনি। আমার অফিসে লোকবলও সংকট রয়েছে। এখন থেকে পতাকা টাঙ্গানোর ব্যবস্থা করব।









