নগরীতে ৩ প্রবাসীর ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২:১৬:২২,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৭ বার পঠিতনগরীর জল্লারপাড়স্থ পাঁচভাই রেস্টুরেন্টে ৩ প্রবাসীর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছাত্রলীগের কর্মী জাহেদ আহমদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহেদ আহমদ (২৫) নগরীর মদিনামার্কেট পল্লবী আবাসিক এলাকার ২৬/বি কামারগলির শফিক মিয়ার ছেলে।
এনিয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গ্রেপ্তার হন ছাত্রলীগ কর্মী লিটন, শিপন, নোমান, পলাশ, দিপু রায়, সাগর তালুকদার।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইবাদউল্লাহ বলেন, অনেক কৌশল করে ফাদ পেতে জাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীর উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এতে গুরুতর আহত হন তারা। এ সময় তাদের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৭ আগস্ট আহতদের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।









