সিএনজি দিয়ে ছিনতাই, সিলেটে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১:৫২:১৯,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫২৬ বার পঠিতসিলেটে সিএনজি অটোরিকশা দিয়ে অভিনব কায়দায় ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) নগরীর বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে মোগলাবাজার থানা পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা সাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিনার পলাশ রঞ্জন দে, আখতার হোসেন, অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর বাদশসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হল, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর হিচারগাঁও এলাকার ফারুক আহমদ এর ছেলে সাজন আহমদ সাগর (২১) বর্তমানে সে সিলেটের ওসমানীনগর ঘাইরদা গ্রামে বসবাশ করে, সুনামগঞ্জের দিরাই থানার তাজপুর এলাকার জাহিদ হাসান এর ছেলে আব্দুস সালাম (২১) বর্তমানে সে নগরীর কোতোয়ালী থানাধীন জেলরোড পানসি হোটেলের পিছনের কলোনীর বাড়াটে বাসিন্দা, নগরীর দাড়িয়াপাড়া বাসা নং- মেঘনা সি-১৫ স্বপন কুমার কর এর ছেলে যিশু কর (১৯), সুনামগঞ্জের জামালগঞ্জ থানার ইনসানপুর এলাকার মকবুল হোসেনের ছেলে মো. রায়েছ আলী (২০) বর্তমানে সে দক্ষিণ সুরমা এলাকার গোটাটিকর প্রাইমারী স্কুলের পিছনে সেলিম মিয়ার কলোনীর বাড়াটে বাসিন্দা ।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজীপুর লামাপাড়া গ্রামের মো. বশির উদ্দিন মো. রিফাত আহমদ (১৭) কদমতলী এলাকায় একটি থাই এ্যালুমিনিয়াম দোকানে কাজ করে। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) কাজ শেষে বাড়ীতে ফেরার পথে কদমতলী পয়েন্টে একটি সিএনজি অটোরিকশাকে থামানোর জন্য সিগন্যাল দেয়। এসময় গোলাপগঞ্জ যাবে বললে উপরোক্ত ছিনতাইকারীগণ তাকে সিএনজি অটোরিকশায় উঠায়। রাত অনুমান ৯টায় গাড়ীটি কুশিঘাট বাজার পার হয়ে পালপুর পৌঁছামাত্র পিছনের সিটের মাঝখানে বসা যাত্রী মো. রিফাত আহমদকে (১৭) দুষ্কৃতিকারীদের মধ্যে ২জন ছোরা ধরে। তারা রিফাতে গলায় ছোড়া ধরে প্রাণে হত্যার ভয় দেখায়। ঐসময় অন্যান্য দুষ্কৃতিকারীরা রিফাতকে উপর্যুপরি আঘাত করে সাথে টাকা-পয়সা জোরপূর্বক নিয়ে যায়।
উক্ত বিষয়ে ভিকটিম রিফাতের মামা বাদী হয়ে মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তাহার অভিযোগের ভিত্তিতে উপরোক্ত আসামিদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা হয়। মামলা নং-১৩, তারিখ-৩১/০৮/২০১৯খ্রিঃ, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোধনী/২০১৯ এর ৪/৫ রুজু করা হয়।









