গোলাপগঞ্জে হাওরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:৫৯,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬৩ বার পঠিতগোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে হাওরের পানিতে ডুবে নেছার আলী (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বাঘা হাওরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বাঘা লালনগর এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র।
এসময় তাকে উদ্ধার করতে গিয়ে তার সঙ্গে থাকা আরও ২জেলে আহত হন। আহতরা হলেন মৃত আহছান উল্লাহর পুত্র আব্দুল গফুর ও মৃত ইনাই মিয়ার পুত্র তাহির আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাঘা লালনগর এলাকার বাসিন্দা নেছার আলীসহ একই এলাকার আরও কয়েকজন ব্যক্তি বাঘা হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান।
এসময় ছাটকুলা হাওরে একটি খাল সাঁতারকেটে পাড়ি দিতে খালের মধ্যখানে যাওয়া মাত্র নেছার আলী সাঁতার কাটতে ব্যর্থ হয়ে পানিতে তলিয়ে যান। এসময় অপর দুই ব্যক্তি আব্দুল গফুর ও তয়াইদ আলী তাকে উদ্ধার করতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তারাও তলিয়ে যেতে থাকেন।
তাৎক্ষনিকভাবে স্থানীয়রা নেছার আলীর মরদেহ উদ্ধার করেন ও অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়া মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। নেছার আলী ঘটনাস্থলেই মারা যান। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ বিষয়ে কেউ অবগত করেনি বলে জানান।









