সিলেট-তাজপুর-গোয়ালাবাজার রুটে বাস ভাড়া বৃদ্ধি ১ সেপ্টেম্বর থেকে

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:২১:২৩,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ১০৫১ বার পঠিত
সিলেট-তাজপুর-গোয়ালাবাজার রুটে ১ সেপ্টেম্বর থেকে বাস ভাড়া বৃদ্ধি করা হবে। সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, নবীগঞ্জ, বালাগঞ্জ বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যকরী কমিটি ও শ্রমিক শাখার এক যৌথসভা গত শনিবার টার্মিনাল রোডস্থ আছমা ম্যানশনস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গ্রুপের সিনিয়র সহ সভাপতি শাহ নূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ২০১২ সালের সরকারি গেজেট অনুযায়ী সিলেট-তাজপুর ভাড়া ৩২ টাকা ৪০ পয়সা এবং সিলেট-গোয়ালাবাজার ৩৫ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।
কিন্তু তখন যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত ভাড়া আদায় করা হয়নি। বর্তমানে গাড়ির টায়ার, যন্ত্রাংশ ও গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর রোববার থেকে সিলেট-তাজপুর রুটে ২০১২ সালের সরকারি গেজেট অনুযায়ী ৩২ টাকা এবং সিলেট-গোয়ালাবাজার রুটে ৩৫ টাকা হারে বাস ভাড়া আদায় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবস্থা বিবেচনায় যাত্রীদের নির্ধারিত ভাড়া পরিশোধ করে পরিবহন ব্যবসা সচল রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন-হাজী সৈয়দ মৌরশ আলী, আব্দুল আজিজ, মোক্তার আহমদ, ফরিদুর রহমান, এম এ মতিন, অরুণ কুমার দেব, সামসুদ্দিন বাবুধন, বাবরু মিয়া, অশোক দেব, মো.ফজলু মিয়া, মো.হেলাল মিয়া, মো.ফরিদ মিয়া প্রমুখ।









