জাফলং যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৮
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১৪:৪৩,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৪ বার পঠিতসিলেটের জাফলং ঘুরতে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে সোহেল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো প্রায় ৮ জন।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেট শহরতলীর পরগণা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাফলংগামী একটি সিএনজি অটোরিকশার সাথে লেগুনার সংঘর্ষে দুই গাড়ির ৮ জন যাত্রী আহত হন। গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর অটোরিকশার যাত্রী সোহেল (২৬) কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। সোহেল মোগলাবাজারের পূর্ব শ্রীরামপুরের লিলু মিয়ার ছেলে।
আহতরা হলেন, মোগলাবাজারের সুশীল দাসের ছেলে সুমিত দাস (২০), তপন মিত্রর ছেলে তুহিন মিত্র (২২), ইসহাক আলীর ছেলে সাকিব (২০), আলী আহমদের ছেলে সাব্বির (২৫), মতিন মিয়ার ছেলে সালাম (১৪), গোপাল পালের ছেলে প্রীতম পাল (১৮), সিননাত পুরের টিয়া মিয়ার ছেলে জয়নাল (৩২) ও দীপক (২৮)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয়দের কাছ থেকে শুনেছি ঘটনাস্থল থেকে ৬ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ওসমানী মেডিকেলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তারা আসলে মূল তথ্য পাওয়া যাবে।









