ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪৩:৩১,অপরাহ্ন ৩১ আগস্ট ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
সিলেট নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ, দুঃখ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)।
৩১ আগস্ট মধ্যরাতে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
এক বিবৃতিতে এসএমসিসিআই কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অগ্নিকাণ্ড শুধু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণ নয়; এটি নগরীর সামগ্রিক ব্যবসা-বাণিজ্য, সম্পদ ও জননিরাপত্তার জন্যও একটি গুরুতর সতর্কবার্তা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে চেম্বারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ দ্রুত নিরূপণ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এসএমসিসিআই মনে করে, সিলেট নগরীর সকল মার্কেট, শপিংমল, বিপণিবিতান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ, জরুরি বহির্গমন পথ, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, বৈদ্যুতিক লোড ব্যবস্থাপনা এবং জরুরি দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা যথাযথভাবে কার্যকর রয়েছে কি না, তা নিয়মিত পরিদর্শন ও তদারকির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চেম্বার কর্তৃপক্ষ আরও জানায়, অগ্নিকাণ্ড প্রতিরোধে শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা গ্রহণ যথেষ্ট নয়; বরং দুর্ঘটনার পূর্বেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিদ্যুৎ কর্তৃপক্ষ, মার্কেট মালিক সমিতি এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সমন্বয়ে নিয়মিত ও কার্যকর অগ্নিনিরাপত্তা পরিদর্শন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে অনুমোদিত বৈদ্যুতিক ব্যবস্থা নিশ্চিত করা, বৈদ্যুতিক তার ও সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করা, পর্যাপ্ত ও কার্যকর অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা, জরুরি বহির্গমন পথ সবসময় উন্মুক্ত রাখা এবং অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে কর্মচারী ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপরও গুরুত্বারোপ করেছে এসএমসিসিআই।
বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)
সিলেট








