বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:২৩:৫০,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারেরসিলেট
বর্তমান দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব এবং তীব্র বিদ্যুৎ সংকটের কথা বিবেচনা করে সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত অন্য কোনো স্থানীয়, পণ্য বা ইনডোর মেলা আয়োজনের অনুমতি না দেওয়ার আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)।১৭ সেপ্টেম্বর, ২০২৬ইং তারিখে সংগঠনের সভাপতি খায়রুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়, সিলেটের সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা স্থায়ী অবকাঠামো, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন, দোকান ভাড়া এবং কর-ভ্যাটসহ বিভিন্ন নিয়মিত ব্যয় বহন করে চরম প্রতিকূলতার মধ্যে ব্যবসা পরিচালনা করছেন। এমন পরিস্থিতিতে স্বল্পমেয়াদি বিভিন্ন স্থানীয় বা ইনডোর মেলা আয়োজনের মাধ্যমে একই ধরনের পণ্য কম খরচে বাজারজাত করা হলে নিয়মিত ব্যবসায়ীরা চরম অসম প্রতিযোগিতার সম্মুখীন হন। এতে স্থানীয় ব্যবসায়ীদের বিনিয়োগ ও কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।চেম্বার নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বর্তমানে তীব্র বিদ্যুৎ ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে স্থানীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এমনিতেই সংকটে রয়েছে। এ অবস্থায় নতুন কোনো মেলা আয়োজনের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধার ওপর চাপ সৃষ্টি করা মোটেও বাস্তবসম্মত নয়।বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার দাবি জানিয়ে চেম্বার জানায়, সিলেটে প্রতি বছর কেবল একটি মানসম্পন্ন ‘আন্তর্জাতিক বাণিজ্যমেলা’ আয়োজন করা উচিত, যা দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে।সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি (সিলেট জেলা শাখা) এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদসহ বিভিন্ন মার্কেট সমিতির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রশাসনকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার।








