গোলাপগঞ্জে নৌকার মাঝিকে মারধরের জেরে নৌ ধর্মঘট
৫ঘন্টা পর নৌ চলাচল স্বাভাবিক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:২৪,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৫৪ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে আব্বাস উদ্দিন (১৭) নামের এক নৌকার মাঝিকে মারধরের জেরে প্রায় ৫ঘন্টা বন্ধ থাকার পর সুরমা নদীতে আবারও শুরু হয় নৌ চলাচল। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সুরমা নদীর বাঘা মাদ্রাসা খেয়া ঘাটে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই উপজেলার সুরমা নদীর মাঝিরা নৌ ধর্মঘটের ডাক দেয়। ফলে বাঘা ইউনিয়নের সাথে গোলাপগঞ্জের নৌ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ মানুষ ও গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।
আহত মাঝি আব্বাস আহমদ উপজেলার বাঘা লালনগর গ্রামের হেলাল আহমদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোলাপগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিকের সাথে মাঝি আব্বাস আহমদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আব্দুল মালিকের পক্ষের লোকজন মাঝিকে মারধর করলে তিনি আহত হন।
পরে স্থানীয়রা মাঝি আব্বাস আহমদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। পরে প্রায় ৫ঘন্টা উপজেলার সুরমা নদীর থানা খেয়া ঘাট, কান্দিগাঁও খেয়াঘাটের নৌকা চলাচল বন্ধ থাকে। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার জুনেদ আহমদ, বাজার বণিক সমিতির সেক্রেটারি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল আহাদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সুষ্ঠ সমাধানের আশ্বাস প্রদান করলে মাঝিরা ধর্মঘট তুলে নেয়। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) আবুল কাশেম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। মাঝিরা তাদের ধর্মঘট তুলে নিয়েছে।
বার্তাপ্রেরক









