বিয়ানীবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত ॥ অস্ত্র উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৫২,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৪ বার পঠিতবিয়ানীবাজারে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার মিছবাহ নিহত হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রযেছে। গতকাল রোববার ভোরে শেওলা সেতু এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, গত শনিবার সিলেটের জাফলং এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ ডাকাত মিছবাকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির সাথে জড়িত এবং অস্ত্র মজুদ থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে রোববার ভোর ৪টায় অস্ত্র উদ্ধারে পুলিশ মিসবাহকে নিয়ে দুবাগের শেওলা সেতু সংলগ্ন এলাকায় পৌঁছলে উৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ডাকাত মিসবাহকে আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, অত্যাধুনিক কাটার যন্ত্র ও প্রচুর রাম দা উদ্ধার করেছে।
বন্দুকযুদ্ধে নিহত ডাকাত মিসবাহ উদ্দিন জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ এলাকার লোহারসাঙ্গন গ্রামের আব্দুল মালিকের পুত্র। তার বিরুদ্ধে বিয়ানীবাজারসহ কয়েক থানায় দু’টি অস্ত্র আইনে, একটি ডাকাতি প্রস্তুতি এবং ৫টি ডাকাতি মামলা রয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, অস্ত্র উদ্ধারে ডাকাত মিসবাকে নিয়ে শেওলা সেতু এলাকায় পৌঁছলে একদল ডাকাত পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। প্রাণরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়লে এক ডাকাত আহত ও অপর ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।









