১০ কেজি স্বর্ণসহ নারী ক্রু আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:২৯:২০,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৩৪ বার পঠিত
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১০ কেজি ওজনের স্বর্ণের বারসহ এক নারী ক্রুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আটক নারীর নাম রাবেয়া শেখ মৌসুমি।
সকালে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টায় মাস্কাট থেকে ঢাকায় অবতরণ করা ফ্লাইটে ছিলেন তিনি। তার কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়েছে। মৌসুমি একটি বেসরকারি এয়ারলাইন্সের ক্রু হিসেবে কর্মরত।
আলমগীর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা ক্রু’কে নজরদারিতে রাখি। ফ্লাইট নামার পর ডমেস্টিক টার্মিনালে গিয়ে সে গাড়িতে ওঠার চেষ্টা করে। এপিবিএন তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দরের এপিবিএন অফিসে নিয়ে আসে। পরে তার পকেট ও শরীরের বিভিন্ন স্থান থেকে ব্রাউন স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ৮২ স্বর্ণের বার পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানার কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।









