কীনব্রিজ বন্ধ করার প্রতিবাদে দক্ষিণ সুরমায় মতবিনিময় সভা

সিলেট নগরীর প্রবেশ দ্বারা হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী কীনব্রিজ বন্ধের প্রতিবাদে নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা ও ঝালোপাড়া এলাকাবাসী ও ব্যবসায়ীবৃন্দের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা গত শনিবার রাতে দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
ভার্থখলা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মিছবাহ উদ্দীন আহমদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ভার্থখলা, ঝালোপাড়া এলাকার মুরুব্বীয়ান, টার্মিনাল রোড ব্যবসায়ী, চাঁদনীঘাটের ব্যবসায়ী, স্টেশন রোড ব্যবসায়ী, ঔষধ ব্যবসায়ী সহ ভুক্তভোগী জনগণ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, কীনব্রিজ সিলেটের একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এ ব্রিজের ঐতিহ্য ধরে রাখা সকলের দায়িত্ব। কিন্তু কীনব্রিজ সংস্কারের নামে পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করা অত্যান্ত দুঃখজনক।
ব্রিজটি বন্ধ থাকার ফলে দক্ষিণ সুরমার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী, মহিলা ও শিশুরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। সভায় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, দক্ষিণ সুরমার মুরুব্বীদের সাথে আলাপ না করে একক সিদ্ধান্তে মেয়র আরিফুল হক চৌধুরী কীনব্রিজ বন্ধ করার জবাব তাকেই দিতে হবে।
ব্রিজ বন্ধ করে দেয়ার ১৫ দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত সংস্কারের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। বিকল্প ব্যবস্থা না করে কীনব্রিজ বন্ধ করা হটকারীতার সামিল বলেও বক্তারা মতামত ব্যক্ত করেন। মানুষের দুর্ভোগ লাগবে অতিসত্ত্বর কীনব্রিজ দিয়ে যান চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে দক্ষিণ সুরমাবাসী শাহজালাল ব্রিজ ও কাজিবাজার ব্রিজ বন্ধ করে দেয়ার কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর, প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, ভার্থখলা এলাকার বিশিষ্ট মুরুব্বী আহমদুল কবির মামুন, মাহমুদ আলী সাধু, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম শিরুল, খন্দকার মহসিন কামরান, আব্দুল বাহার চৌধুরী, আব্দুল মালেক তালুকদার, এম.এম ইসলাম, আজমল আলী, এম.এ মন্তজীর, দুলাল আহমদ, মহিউদ্দনি দারা, ঝালোপাড়া এলাকার বিশিষ্ট মুরুব্বী শাহ আলম জুনেদ, হাজী আব্বাছ উদ্দিন জালালী, আব্দুস সত্তার মামুন, শাহীন মিয়া, সংগ্রাম হেলার, শামীম আহমদ, আসাদ আহমদ, উমরাদুল হক চঞ্চল, ভার্থখলা স্বর্ণালী সংঘের সভাপতি শিপল চৌধুরী, সহ সভাপতি আব্দুল হাই শ্যামল, কামাল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সাহেদ, যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আহমদ, নির্বাহী সদস্য কয়ছর আহমদ, পারভেজ আহমদ, মুজাহিদুল ইসলাম জুয়েল, ঝালোপাড়া সূর্যমুখী যুব সংঘের সাবেক সভাপতি এডভোকেট মামুন হোসেন, সাধারণ সম্পাদক শেখ সাদী কোমল, ঔষধ ব্যবসায়ীদের পক্ষে মুবিন হোসেন চৌধুরী, টার্মিনাল ব্যবসায়ীদের পক্ষে সভাপতি ছালিক খান প্রমুখ।









