সিলেটে দেশীয় অস্ত্রশস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১:৫৭:২০,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪১৯ বার পঠিতসিলেটে দেশীয় অস্ত্রশস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক শফিকুল ইসলাম (৩০) পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে র্যাব। শফিকুল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বন্দরবাজার থেকে তাকে আটক করা হয়।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা হচ্ছেন শফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। শফিকুল ইসলামের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, একটি ছোরা, দুটি লোহার রড ও একটি চাইনিজ টিপ ছুরি জব্দ করা হয়েছে।
জব্দকৃত অস্ত্রসহ তাকে নগরীর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









