জুড়ি থেকে অপহৃত আশরাফুল দু’দিন পর গোলাপগঞ্জ থেকে উদ্ধার
২ কিশোরী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:১২:৫৩,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৬ বার পঠিতমৌলভীবাজারের জুড়ি থেকে অপহরণের দুইদিন পর গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ থেকে শিশু আশরাফুলকে (৭) উদ্ধার করেছে স্থানীয় জনতা। একই সাথে অপহরণ কাজে জড়িত থাকার অভিযোগে ২ কিশোরীকেও আটক করে পুলিশে সোপর্দ করে তারা।
উদ্ধার হওয়া শিশু মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আজিদ মিয়ার পুত্র আশরাফুল হাসান রাশেদ। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের তাঁত শিল্প মেলা থেকে রাশেদ নামে এ শিশুকে ২ মেয়ে সহ উদ্ধার করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে স্থানীয়রা। অপহরণকারীরা হলো উপজেলার হেতিমগঞ্জ কোনাচর এলাকার জিয়া উদ্দীন’র মেয়ে মাহমুদা আক্তার ইমা (১৩) ও ফাহমিদা বেগম লিমা (১১)।
মূলত অপহরণের পর বাচ্চাদের দিয়ে ভিক্ষাভৃত্তি করানোই তাদের পেশা। তারা তাদের পিতার নির্দেশে এসব কর্মকান্ড ঘটায় বলে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। জানা যায়, জুড়ি হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম রাশেদ (৭) গত ২১ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩টায় জুড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত বানিজ্য মেলা থেকে নানা প্রলোভন দেখিয়ে আশরাফুল কে নিয়ে উপজেলার ঢাকাদক্ষিণে নিয়ে অপহরণকারীরা। এদিকে আশরাফুলের পিতা ও তার আত্মীয় স্বজন ছেলের সন্ধানে বিভিন্নস্থানে খোঁজাখোজির এক পর্যায়ে ঢাকাদক্ষিণে চলে আসে। শনিবার ঢাকাদক্ষিণ বাজারে তাঁত ও বস্ত্র মেলার গেইটের সামনে আশরাফুলকে দেখতে পায়। পরে আশরাফুল কে উদ্ধার করে অপহরণকারী দু’ কিশোরীকে উপস্থিত জনতা আটক করে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।
এ ব্যাপারে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, অপহরনকারী ২ মেয়েসহ উদ্ধারকৃত শিশুকে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের মাধ্যমে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে অপহরণকারী মেয়ে দুটি বিগত কিছুদিন আগেও ঢাকাদক্ষিণ ইউনিয়নের দুটি মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। তারপরে বড়লেখা হতে উদ্ধার করা হয়,এবং তারা এসব করবে না বলে মুচলেকা দিয়ে মুক্তি পায় বলে জানান স্থানীয়রা ।









