রিভলভার ও গুলিসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:৫৮,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৬ বার পঠিতহবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় রিভলভার ও গুলিসহ সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) র্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শাহজাহান ওই উপজেলার নোয়াগড় গ্রামের বাসিন্দা ও জলসুখা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জিংরী নদীর ব্রিজের পাশে অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে অস্ত্রসহ তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।









