সিলেটে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে সৌদি প্রবাসীর মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:৫৫,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৭১ বার পঠিতসিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে হাবিবুর রহমান (৩৫) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে নিহতের বাড়ির পাশে সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির দর্জিমাটি গ্রামের আব্দুল হান্নানের পুত্র সৌদিআরব প্রবাসী হাবিবুর রহমান বুধবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে নৌকা নিয়ে মাছ ধরার ফাঁদ রোঙ্গা তুলতে যান। এ সময় তিনি পানিতে ডুব দিয়ে রোঙ্গা তুলতে গেলে হবিবুর রহমানের পায়ে রোঙ্গার রশি প্যাঁচিয়ে গেলে তিনি আর পানি থেকে উঠে আসতে পারেন নি। এ সময় আশপাশের লোকজন ঘটনা দেখতে পেয়ে প্রবাসী হবিবুর রহমানকে নদী থেকে জীবিত উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে উদ্ধার করা হয় পায়ে রোঙ্গার রশি প্যাঁচানো তার লাশ।
পারিবারিক সূত্রে জানা যায়, হবিবুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসে ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে ২ মাস পূর্বে বাড়িতে আসেন। ব্যক্তিগত ভাবে তিনি দুই কন্যা সন্তানের জনক। এদিকে হবিবুর রহমান মাছ ধরতে গিয়ে সুরমা নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমান। হবিবের দুই সন্তান ও পরিবারের সদস্যদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।









