নতুন কোন কমিটি করতে না পারায় দায়িত্বশীলদের পদত্যাগ করা উচিৎ ছিলো..হানিফ
নভেম্বরে সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:১৩,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫০৪ বার পঠিতআওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন নতুন করে কোন ইউনিটে কমিটি করতে না পারায় দায়িত্বশীলদের পদত্যাগ করা উচিৎ ছিলো। এসময় তিনি নভেম্বরের শেষ দিকে সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে জানিয়ে বলেন, এর আগে অক্টোবরের মধ্যে সিলেটের যে কয়টি ইউনিয়নে কমিটি নেই সেগুলো করতে হবে এবং পরবর্তীতে উপজেলাগুলোর সম্মেলন করে জেলার সম্মেলন আয়োজন করার জন্য নির্দেশ দেন।
বুধবার (২ অক্টোবর) দুপুরে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ২০১৫ সালে সিলেটে এসে শুনে গিয়েছিলাম যে কয়টি কমিটি আছে ২০১৯ সালেও এসে শুনি সেগুলোই রয়েছে। নতুন করে কোন ইউনিটের কমিটি করা হয়নি। এটা অবশ্যই ব্যর্থতার পরিচয়। দায়িত্বশীলদের উচিত ছিল এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা।
তিনি বলেন, সিলেটে যে কয়বার সভা করতে আসি, শুনি আপনরা ঐক্যবদ্ধ হবেন। কিন্তু আজও আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন নি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমদ এমপি।









