মাত্র এক কিলোমিটার পাকা সড়কের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার অসংখ্য মানুষ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:১৫:০২,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫১৭ বার পঠিত
আবুল কাশেম অফিক, বালাগঞ্জ :মাত্র এক কিলোমিটার পাকা সড়কের অভাবে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার অন্তত ১০/১২টি গ্রামের লোকজন। সামান্য বৃষ্টি হলেই বিকল্প সড়কে অনেক দূর অতিক্রম করে গন্তব্যে পৌঁছতে হয় তাদের। এ সময় বিশেষ করে স্থানীয় স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ‘খালেরমুখ বাজার বায়া মুমিনপুর তালতলা বাজার’ সড়কের এই এক কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য স্থানীয় এলাকাবাসী সরকারেরর সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানিয়েছেন, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি, রাজনীতিক নেতৃবৃন্দের প্রতি অনেক আবেদন-নিবেদনের পরও সড়কের ওসমানীনগর উপজেলার এ অংশটুকু পাকাকরণের কোন ব্যবস্থা নেয়া হয়নি। সড়কের এ অংশের আশপাশ এলাকার প্রায় সকল সড়ক অনেক আগেই পাকাকরণ সম্পন্ন হয়েছে। শুধু এ এক কিলোমিটার অংশের জন্য বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ৩টি ইউনিয়নের হাজার হাজার মানুষকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি হলেই স্থানে স্থানে সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে। পাশাপাশি শুকনা মৌসুমে প্রচুর ধুলাবালির সৃষ্টির হয়। এসব বিরূপ পরিবেশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং পায়ে হেটে চলাচলের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা দেখা দেয়।
এলাকাবাসী জানিয়েছেন, স্থানীয় মুমিনপুর, মীরপুর, রঘুপুর, তালতলা, বশিরপুর, দৌলতপুর, বনগাঁও, জামালপুর, আজিজপুর ও নলজুড় গ্রামের লোকজন সিলেট শহরসহ বালাগঞ্জ ও ওসমানীনগরের বিভিন্নস্থানে যাতায়াতের ক্ষেত্রে এ সড়কে চলাচল করেন। শুধু তাই নয়, স্থানীয় মুমিনপুর মহিলা মাদরাসা, সপ্ত মৌজা তালতলা মাদরাসা, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজপুর প্রাইম একাডেমি, আজিজপুর উচ্চ বিদ্যালয়, নবগ্রাম হাজী ছায়েম উচ্চ বিদ্যালয়, মাদারবাজার এফইউ সিনিয়র আলিম মাদরাসা প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি স্থানীয় খালেরমুখ বাজার, তালতলা বাজার, আজিজপুর বাজার, মাদারবাজার, মাদরাসাবাজার প্রভৃতি হাট-বাজারের হাটুরে ও ব্যবসায়ীদের যোগাযোগ ক্ষেত্রেও বিঘ্নতার সৃষ্টি হয়।
এদিকে সম্প্রতি ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের সাথে সাক্ষাৎ করে সড়কের এ অংশ পাকাকরণে আবেদন জানিয়েছেন। স্থানীয় এলাকার প্রবীণ আলেম, আজিজ পুর তালতলা মাদরাসার মুহতামিম মাও. আজিজুর রহমান, বনগাঁও মহিলা মাদ্রাসার সাবেক মুহতামিম মাও. আব্দুস সহিদ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য খন্দকার আব্দুর রকিব, খালেরমুখ বাজারে ব্যবসায়ী সুহেল মিয়া, প্রমুখের সাথে আলাপকালে খালেরমুখ বাজার বায়া মুমিনপুর তালতলা বাজার সড়কের এ ১কিলোমিটার অংশ জরুরি ভিত্তিতে পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
বিশেষ করে এলাকাবাসী, এ ব্যাপারে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।









