হাইকোর্টে হত্যা মামলায় ৫ শিশুর জামিন, নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২০:১৯,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৮২ বার পঠিতপ্রথম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান অভি (৮) হত্যা মামলায় তার খেলার সাথী ৫ শিশুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ওই ৫ শিশুকে ছয় সপ্তাহের জন্য জামিন দিয়েছেন।
একই সঙ্গে এ সময়ের মধ্যে ময়মনসিংহের শিশু আদালতে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ বুধবার ওই ৫ শিশুর জামিন মঞ্জুর করেন।
আদালতে শিশুদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট একেএম ফজলুল হক খান ফরিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ।
জানা যায়, কোতোয়ালি থানার কালীবাড়ি প্রিমিয়াম আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র অভি (৮) মারা যায় গত ৬ জুলাই। ওইদিন সন্ধ্যায় কালীবাড়ি পুরনো গুদারাঘাট বেড়িবাঁধ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তার মা পারভীন (স্বামী মুসা মিয়া) থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
পরবর্তী সময়ে গত ২৪ সেপ্টেম্বর অভির মা পারভীন কোতোয়ালি থানায় ছেলেকে হত্যার অভিযোগে ছেলের খেলার সাথী তানভির (১০), সাইদ (৯), আপন (১৪), সাকিব (১০) ও বাবুকে (৯) আসামি করে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ঘটনার দিন দুপুরে খেলার কথা বলে বাসা থেকে অভিকে ডেকে নেয়া হয়। কিন্তু পরে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে লাশ উদ্ধার করা হয়। সন্দেহ তাকে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়েছে। এ মামলায় বুধবার হাইকোর্টে হাজির হয়ে ওই ৫ শিশু জামিনের আবেদন করে।









