সুরমা নদীতে প্রভাবশালীর অবৈধ বালু উত্তোলন, এলাকায় উত্তেজনা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:১৬,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৯২ বার পঠিতদক্ষিণ সুরমার দক্ষিণ কুশিঘাট এলাকায় সুরমা নদী থেকে অবৈধ ভাবে নিষিদ্ধ ড্রেজার ও টমট মেশিন দ্বারা বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের ভয়াবহ ঝুঁকিতে পড়েছে এলাকার কয়েক হাজার পরিবার। দিনের বেলা নদীর মধ্যভাগে মেশিন দিয়ে বালু উত্তোলন করলেও রাতের আধাঁরে নদীর একেবারে তীরে চলে আসে। এতে এলাকার লোকজনের মাঝে ড্রেজার আতঙ্ক বিরাজ করছে। জনগণের মধ্যে ক্ষোভ ও উত্তোজনা সৃষ্টি হচ্ছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা।
জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সুরমা নদীর তীরবর্তী দক্ষিণ কুশিঘাট, পালপুর, হবিনন্দী, কুইটুক মৌজার সুরমা নদীতে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার থেকে একটি প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের ফলে নদীর পাড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। ড্রেজারের শব্দে রাতে এলাকার লোকজন ঘুমাতে পারছেন না। শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। শব্দের কারণে রোগীদের অসুস্থতা আরো বাড়ছে। এছাড়াও এলাকার মসজিদ, মাদরাসার, স্কুল সহ অসংখ্য বাড়ীঘর ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। নদী তীরবর্তী গ্রাম নদী গর্ভে হারিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। বালু উত্তোলনের স্থান দিয়ে জালালাবাদ গ্যাস লিমিটেডের মূল লাইন ও সিসিকের পানি উত্তোলনের লাইন রয়েছে। বিশেষ করে বালু উত্তোলনের সময় গ্যাস লাইনে বিষ্ফোরণ ঘটে দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী জানান, কর্তৃপক্ষকে নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের জোর দাবী জানালেও তারা এর তোয়াক্কা করছেন না। উল্টো হুমকী দিয়ে বলে এখান থেকে বালু উত্তোলন চলবে। এ ব্যাপারে এলাবাসী দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি ও মোগলাবাজার থানা সহ সংশ্লিষ্ট সকলের কাছে অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসীর পক্ষে মুরব্বী সাইস্তা মিয়া বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্য পুরো এলাকা ঝুঁকিতে রয়েছে। এলাকাবাসী, শিক্ষার্থী, রোগীরা মেশিনের শব্দে অতিষ্ঠ। এতে এলাকা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। শান্তি-শৃংখলা স্বার্থে বিষয়টি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে। বালু উত্তোলন বন্ধ করা না হলে সর্বস্তরের এলাকাবাসী সড়ক অবরোধ সহ কঠোর কর্মীসূচির মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি









