লেবানন প্রবাসীদের ধৈর্য ধরার অনুরুধ বাংলাদেশ দূতাবাসের
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৪৮:০৬,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৫৪ বার পঠিত
হেলাল আহমদ, লেবানন থেকেঃ লেবাননের সরকারবিরোধী আন্দোলন গত তিন সপ্তাহ পার হলেও এখনো সমাধানের কোন পথ মেলেনি। লেবাননের রাজনীতির গতিপথ কোনদিকে মোড় নেবে তাও অনিশ্চিত।
লেবাননে সরকার বিরোধী আন্দোলনের কারণে চরম আতঙ্ক হতাশা ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে লেবানন অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা।এদিকে লেবাননের অবৈধ বাংলাদেশী প্রবাসীদের দেশে ফেরত যাওয়ার নাম নিবন্ধনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল আন্দোলনের কারণে তা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং নির্দিষ্ট সময়ে তা শেষ করা যাচ্ছে না বলে জানিয়েছে দূতাবাস।
৮ নভেম্বর শুক্রবার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক স্টাটাসে দেয়া একটি বিশেষ বিজ্ঞপ্তি মাধ্যমে দূতাবাস জানায় ইতিপূর্বে দূতাবাসে যারা নাম নিবন্ধন করেছে তাদের পূর্বের শর্ত অনুযায়ী দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
এবং দ্বিতীয় ধাপে নভেম্বর ও-ডিসেম্বরের যে নাম নেয়ার কথা ছিল তা পিছিয়ে ডিসেম্বর অথবা-জানুয়ারিতে শুরু করা হবে । অবৈধদের বৈধকরণ যে প্রক্রিয়াটি হাতে নেয়া হয়েছিল তা বিলম্ব হলেও বাস্তবায়ন করা হবে। এবং বাংলাদেশ থেকে অনুমোদন পাওয়ার পর ডিজিটাল পাসপোর্টধারী যাদের পাসপোর্ট কফিলের কাছে রয়ে গেছে তাদের নতুন পাসপোর্ট দেয়ার ব্যবস্থা করা হবে।
এছাড়া গুরুতর অসুস্থ্য রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা প্রদান ও দেশে পাঠানোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে লেবাননের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে প্রবাসীদেকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।









