সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি লুৎফুর, সম্পাদক নাসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:৪০:২১,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৭ বার পঠিতসিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পূন:নির্বাচিত করা হয়েছে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানকে। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
এর আগে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি প্রার্থীদের তালিকা তুলে ধরেন। তালিকা অনুযায়ী, জেলার সভাপতি ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন। সভাপতি প্রার্থী ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সহ-সভাপতি প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, সহ-সভাপতি সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সদস্য এবং বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যক্ষ সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু জাহিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপ-দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু চৌধুরী ও যুব ও ক্রিড়া সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকার।
তাদের নিজেদের মধ্যে সমঝোতার জন্য শীর্ষ দুই পদের ১৬ প্রার্থীকে ২০ মিনিট সময় দেওয়া হলে তারা বিষয়টি নেত্রীর উপর ছেড়ে দেন। প্রায় আধাঘন্টা পর কাউন্সিল অধিবেশন শুরু হলে সমঝোতা না হওয়ায় নেতৃবৃন্দ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেবেন বলে জানান। এসময় ওবায়দুল কাদের শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।









