সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুক, সম্পাদক জাকির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:৪২:৩২,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮৩ বার পঠিতসকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরিবর্তনরে মধ্য দিয়ে চমক এসেছে সিলেট মহানগর আওয়ামী লীগে। মহানগরের সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
এরআগে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি প্রার্থীদের তালিকা তুলে ধরেন। তালিকা অনুযায়ী, মহানগরে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ১২ জন প্রার্থীর নাম উল্লেখ করেন। মহানগরের সভাপতি প্রার্থী ছিলেন, বর্তমান সভাপতি বদর উদ্দিন কামরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর সাদেক ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, ফয়জুল আনোয়ার আলাওর, সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, পরিবেশ সম্পাদক জগদীশ চন্দ্র দাস, শিক্ষা সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক তপনমিত্র, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, সৈয়দ শামীমসহ ১২ জন।
পরে তাদেরকে ২০ মিনিট সময়ের মধ্যে জেলা ও মহানগরের প্রতিটি পদের বিপরীতে দুজন করে প্রার্থী হবার জন্য বলেন। তা না হলে কেন্দ্রের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।
প্রায় আধাঘন্টা পর কাউন্সিল অধিবেশন শুরু হলে সমঝোতা না হওয়ায় নেতৃবৃন্দ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেবেন বলে জানান। এসময় ওবায়দুল কাদের শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।









