বিজয়ের দিনে সিলেট শহীদ মিনারে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:১৮:১৭,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯২ বার পঠিত১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস, বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন, পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিন অপরাহ্নে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।
গৌরব আর অহংকারের এই দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন অসংখ্য মানুষ। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এ সময় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চৌহাট্টা।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি।
এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের ব্যবস্থাপনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সিলেট জেলা স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ প্যারেডের। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন আলাদাভাবে পালন করছে বিজয় দিবস।









