জকিগঞ্জে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৪৩,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৫ বার পঠিতসিলেটের জকিগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলার হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের পূর্ব পাশে মানিকপুর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পথচারীরা তরুণ-তরুণীকে উদ্ধার করে জকিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক কানাইঘাট উপজেলার সাহাপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে টাইলস মিস্ত্রি রাসেল আহমদ (২৬) ও আরোহী জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকার মাতারগ্রামের হারিস উদ্দিনের মেয়ে কলেজ ছাত্রী সাবনুর বেগম (১৯)। বর্তমানে সাবনুরের পরিবার আটগ্রামের গুচ্ছ গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, পকেটে থাকা রাসেলের ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় জানতে পেরেছে পুলিশ। রাসেল গত মাসের ২১ তারিখে এক লাখ ছয় হাজার টাকা দিয়ে কিস্তিতে একটি মোটরসাইকেল ক্রয় করার কাগজ তার সাথে পাওয়া গেছে। নিহত সাবনুর রাসেলের পরিচিত কেউ বলে ধারণা পুলিশের। তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।









