ওসমানী মেডিকেল থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:৪০:৫৭,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৫ বার পঠিতসিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত সদস্যরা। পরে তাদের সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হল- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ননশ্রী গ্রামের সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান (২৩) ও সিলেট বিমানবন্দর থানার কোনাটিলা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবদুল কাইয়ূম (৩৮)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা জানান, ওসমানী মেডিকেল হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীর স্বজনদের বাইরে টেস্ট করানোর জন্য নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দালালকে আটক করা হয়।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল ও প্রতারকমুক্ত রাখতে পুলিশ তৎপর আছে বলেও জানান তিনি।









