ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে বিয়ানীবাজারে সংঘর্ষ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:০৩,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫৯ বার পঠিতসিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে পৌরশহরের কলেজ রোডে এ সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এসময় আহতরা হন, ফখরুল ইসলাম, মুরাদ আহমদ, জাকির আহমদ, জুনেদ আহমদ, সালাহ উদ্দিন, জাকারিয়া আহমদ, জাবের আহমদ, মোস্তুফা আহমদ, সাইফুদ্দিন হিরা, আবু সিনা চৌধুরি। আহতরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
তবে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনীশংকর কর বলেন, এখানে কোন সংঘর্ষের ঘটনা ঘটে নি। মিছিলের সময় দু’গ্রপের মধ্যে মৃদু ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ আহত হয়নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিদ্যমান গ্রুপগুলো পৃথক কর্মসূচির আয়োজন করে। ছাত্রলীগের রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপ পৃথক কর্মসূচি উদযাপনের এক পর্যায়ে দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ইনার কলেজ রোডে প্রথমে ধাক্কাধাক্কি ও হাতহাতি শুরু হয়। দু’গ্রুপের নেতাকর্মীরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দু’গ্রুপের মধ্যে কলেজ রোড ও টিএন্ডটি রোডে দেশীয় অস্ত্রের মহড়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষ চলাকালে দু’গ্রুপের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে, সংঘর্ষের খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ এবং ছাত্রলীগের সাবেক ও বর্তমান শীর্ষ পর্যায়ের নেতারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রিভারবেল্ট গ্রুপের নেতা সাইদুল ইসলাম বলেন, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালীতে হামলা চালায় স্বাধীন গ্রুপের কর্মীরা। তাদের হামলায় আমাদের ৮জন কর্মী আহত হয়েছে। আমাদের কর্মী ফখরুর ইসলামের অবস্থা আশংকা জনক। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্বাধীন গ্রুপের নেতা কে.এইচ. সুমনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর জানান, বিয়ানীবাজার পৌরশহরের ছাত্রলীগের দু’গ্রপের মধ্যে কোন সংঘর্সের ঘটনা ঘটে নি। তবে মিছিলের সময় দু’গ্রপের মধ্যে মৃদু ইটপাটকেল মারার ঘটনা ঘটেছে। তবে আমার জানা মতে কেউ আহত বা নিহত নেই। বর্তামানে পরিস্থিতি শান্ত রয়েছে।









