গোলাপগঞ্জে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:১৮,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৭৭ বার পঠিতসিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিখোঁজের ২ দিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের (হেতিমগঞ্জ) কায়স্থগ্রাম ইজরাপাড়া গ্রামের মৃত রমজান উল্লাহর ছেলে সিরাজ উদ্দিন (৬৪)।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে বৃদ্ধের নিজ বাড়ির পাশের একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজ উদ্দিন বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রতিদিনের ন্যায় চাষাবাদের জন্য জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিরাজ উদ্দিনের ছেলে মনসুর আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০০৭) করেন।
এরপর শুক্রবার সকালে এক প্রতিবেশী সিরাজ উদ্দিনের মরদেহ বাড়ির পাশের একটি জমিতে দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, উদ্ধারকৃত সিরাজ উদ্দিনের মরদেহে কোন স্থানে কোন আঘাতে চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে মৃত্যুর কারণ।









