চৌহাট্টা থেকে চুরি হওয়া মালামাল চট্টগ্রাম থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১০:০৬:১৪,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪০৪ বার পঠিতসিলেট নগরীর চৌহাট্টা স্যামসাং মোবাইল ফোনের শোরুম থেকে চুরি হওয়া ৩৬টি মোবাইল ফোন সেটসহ চোরচক্রের চার সদস্যকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে সিলেট কোতোয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করে। রবিবার (৯ ফেব্রুয়ারি) তাদেরকে সিলেট আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হল, চট্টগ্রামের সাতকানিয়া থানার শিববাড়ির আরাফাত হোসেন (২৭), বন্দর থানার পকেট গেইট কলসিদিঘীরপাড়ের রুবেল শেখ (২৫), একই থানার মাইলের মাথার মনসুর বিল্ডিংয়ের শফিকুল ইসলাম (৩০) ও একই এলাকার ইমরানের বিল্ডিংয়ের রেজাউল ইসলাম।
এক সংবাদ বিঞ্জপ্তিতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, গত ৭ জানুয়ারি সিলেট নগরীর চৌহাট্টাস্থ আর এন টাওয়ারে স্যামসাং শোরুমে চুরির ঘটনা ঘটে। চোরেরা শোরুম থেকে বিভিন্ন মডেলের ৩৬টি মোবাইল ফোন সেট নিয়ে যায়। এ ঘটনায় ৯ জানুয়ারি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোরদের সনাক্ত করে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই ৩৬টি মোবাইল। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির কথা স্বীকার করেছে বলে জানান তিনি।









