সিলেটের কাজিরবাজারের পঁচে যাওয়া ১০ মণ মাছ সুরমায়
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪০:৩৮,অপরাহ্ন ২১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৩০ বার পঠিত
সিলেটের কাজিরবাজার আড়তে পঁচে যাওয়া ১০ মণ মাছ সুরমা নদীতে ফেলে দিয়েছেন আড়তদাররা।
মঙ্গলবার (২১ এপ্রিল) পচে যাওয়া বিভিন্ন প্রজাতির ১০ মণ মাছ সুরমা নদীতে ফেলে দেওয়া হয়।
করোনা ভাইরাস (কোভিড-১৯) ঠেকাতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও এলাকায় লকডাইন ঘোষণা করায় হাটবাজারগুলো ক্রেতাশূন্য হয়ে পড়েছে।
আড়তদাররা জানান, যানবাহন চলাচল না থাকায় জিইয়ে রাখা অবিক্রিত সব মাছ পঁচে গেছে। তারমধ্যে বেশিরভাগ তেলাপিয়া মাছ রয়েছে।
কাজিরবাজারের ব্যবসায়ী জামাল আহমদ সংবাদমাধ্যমকে বলেন, বেশ কয়েকদিন হলো ক্রেতা নেই। গাড়ি চলাচল করছে না। ক্রেতারাও মাছ কিনছেন না। যে কারণে আড়তেই মাছ পচে গেছে। পরে সুরমা নদীতে ফেলে দেওয়া হয়েছে।
ব্যবসায়ী জাবেদ বলেন, গাড়ি চলাচল বন্ধ হওয়া পুরো কাজিরবাজার মাছের আড়ৎ ক্রেতাশূন্য। ফেরী করে মাছ বিক্রি করা দু’চারজন ক্রেতা এলেও তারা এত মাছ কিনে কি করবে? যে কারণে মাছ পচে গেছে। পরে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এছাড়া কোনো উপায় দেখছি না।
পচে যাওয়া মাছ মাটিতে পুঁতে ফেলা যেত? কিন্তু নদীতে ফেলায় পানি ও বাতাস দূষণ হচ্ছে। এমন প্রশ্নের জবাবে বিষয়টি আগে চিন্তা করেননি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, পচা মাছ নদীতে ফেলার ঘটনাটি আমরা জানতাম না। কেউ আমাদের জানায়নি। জানলে তাদের মাছগুলো মাটিতে পুতে ফেলার পরামর্শ দিতাম।
তিনি বলেন, পঁচা মাছ নদীতে ফেলায় দুর্গন্ধে যেমন মানুষের ক্ষতি হবে। তেমনি জলজ উদ্ভিদেরও ক্ষতি হবে।









