সিলেটে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:৩৯,অপরাহ্ন ০৮ জুন ২০২০ | সংবাদটি ৩৫৬ বার পঠিতসিলেট নগরীর মদিনা মার্কেটস্থ রূপালী ব্যাংকের সামনে থেকে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ৩ লক্ষ ৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এসএমপির কোতোয়ালী থানা পুলিশ জালালাবাদ থানাধীন আখালিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হল, ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের নতুন বাংলা বাজার গ্রামের মো. রমজান আলীর পুত্র মো. আব্দুল হক ও এসএমপির জালালাবাদ থানার ডলিয়া এলাকার রাশেদ।
জানা যায়, গত ৭ জুন দুপুর পৌণে ১টার দিকে আব্দুল হক ও তার ছোট ভাই নাজমুল হক (১২) সহ রূপালী ব্যাংক লিঃ মদিনা মার্কেট শাখা, সিলেট হইতে গোপন নাম্বারের মাধ্যমে ৩ লক্ষ ৬ হাজার টাকা তুলে। উক্ত টাকা থেকে মোঃ আব্দুল হক তার ছোট ভাই নাজমুল হকের কাছে দুটি বান্ডিলে ৫১ হাজা ও অবশিষ্ট দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার কাছে রাখে। পরবর্তীতে মোঃ আব্দুল হক তার ছোট ভাই নাজমুল হক সহ ব্যাংকের নিচে নামার সাথে সাথে তার পূর্বপরিকল্পনা অনুযায়ী আব্দুল্লাহ আল সাদী ও কামরান মিয়া সিএনজি যোগে ঘটনাস্থলে এসে আব্দুল হককে সিএনজিতে তুলে নিয়ে যায়। এসময় নাজমুল হক দৌড়ে বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদেরকে জানালে তারা ঘটনাস্থলে এসে এখানে টাকা ছিনতাই হয়েছে উল্লেখ করে কোতোয়ালী মডেল থানায় মৌখিকভাবে জানান।
এরপর অনুসন্ধানে নামে কোতয়ালী থানা পুুলিশ। ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও মোঃ আব্দুল হকের এর ছোট ভাই নাজমুল হক সহ এবং স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করে। ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও নাজমুল হক সহ স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে ঘটনাটি পুলিশের সন্দেহ হলে পুলিশ মোঃ আব্দুল হককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার মামার উল্লেখিত টাকা প্রতারনা মূলকভাবে আত্মসাতের উদ্দেশ্যে সে তার নিজের হাত বেøড দিয়ে কেটে তার সহযোগী আব্দুল্লাহ আল সাদী (১৯) এবং রাশেদ (২০) এর মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা সাজিয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল সাদীর ঘর থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করেছে। আর ৫১ হাজার টাকা নাজমুল হকের তথ্যানুসারে তাদের ঘরেই ছিল।
এ ঘটনায় ছাতকের মোহাম্মদ পুর গ্রামের রিদানুল ইসলাম আজাদ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









