সিলেটে করোনাকালে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস এক মাসে ৩৫ করোনায় আক্রান্তকে পরিবহন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৪৫:১২,অপরাহ্ন ০৯ জুন ২০২০ | সংবাদটি ৫৬৫ বার পঠিত
:সাধুবাদ জানালেন সুধীজনেরা
এম আহমদ আলী ॥
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর রোগী পরিবহনে দেখা দেয় বড় সংকট। মিলে না অ্যাম্বুলেন্স। বিশেষ করে করোনার উপসর্গ থাকলে আর কথাই নেই। অ্যাম্বুলেন্সে হাঁকা হয় অতিরিক্ত ভাড়া। আবার বর্ণনা শোনার পর রোগী বহনে অস্বীকৃতিও জানায় অনেক অ্যাম্বুলেন্স সংস্থা। এমন পরিস্থিতিতে সিলেটে সীমিত আকারে বিনা পয়সার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেন আবাসন ব্যবসায়ী মুহাম্মদ দিলওয়ার হোসাইন।
গত ৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিস শুরুর পর থেকে এক মাসে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ৩৫ জন করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবকরা। একই সময়ে করোনায় মারা যাওয়া তিনজনের মরদেহ স্বজনদের কাছে পৌঁছেও দিয়েছেন তারা। তাছাড়া, তিনজনের লাশ দাফনকার্য সম্পাদনও করেছেন স্বেচ্ছাসেবকরা। করোনাকালে এই উদ্যোগের প্রশংসা করছেন সিলেটের সচেতন মহল।
সংশ্লিষ্টরা জানান, ৫ মে উদ্বোধনের পর থেকেই প্রতিদিনই সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে ফোন আর এসএমএস আসছে হটলাইন নম্বরে। এ পর্যন্ত এক মাসে সিলেট নগরী, সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা, বালাগঞ্জ উপজেলা, বিশ্বনাথ উপজেলা, জৈন্তাপুর উপজেলা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল উপজেলা ও হবিগঞ্জ শহরে করোনা রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স নিয়ে ছুঁটেছেন তারা।
স্বেচ্ছাসেবকরা জানান, ঝুঁকি জেনেও তারা করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিতে কাজ করছেন। প্রতিবার রোগী পরিবহনের পর বিধি অনুসারে অ্যাম্বুলেন্স জীবাণুমুক্ত করা হয়। একই সাথে চালকসহ সকলেই পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপম্যান্ট) সহ পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী নিয়েই সেবা প্রদানে নিয়োজিত আছেন বলেও জানিয়েছেন।
করোনাকালে রোগী পরিবহনে এই সেবা চালু করায় সাধুবাদ জানিয়েছেন সিলেটের সচেতন মহল। তারা বলছেন, বৈশ্বিক এ ক্রান্তিকালে মানবিক এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি একটি সাহসী পদক্ষেপও।
আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও
সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল এ প্রসঙ্গে বলেন, করোনাকালে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস একটি ইতিবাচক উদ্যোগ। বর্তমান প্রতিকূল সময়ে স্বাস্থ্য সংক্রান্ত সাপোর্ট প্রদানও একটি প্রতিকূল বিষয়। এরই মধ্যে আবাসন ব্যবসায়ী দিলওয়ার হোসাইনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে অনেক করোনা রোগী উপকৃত হচ্ছেন বলে জানান তিনি।
বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন জানান, করোনার কারণে এমনিতেই মানুষ চরম বিপদে। বিপদের এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান মহত্বের পরিচয় বহন করে। তিনি এ জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন।
সারেগ ও মেট্রোপলিটন চেম্বারের সদস্য এবং আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড-এর এমডি মুহাম্মদ মুনতাসির আলী জানান, ভবিষ্যতে এ অ্যাম্বুলেন্স সার্ভিসকে আরো সম্প্রসারণ করা হবে। এ লক্ষ্যে একটি ট্রাস্টও গঠন করা হচ্ছে বলে জানান তিনি।
ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর মূল উদ্যোক্তা মুহাম্মদ দিলওয়ার হোসাইন বলেন, ‘সামাজিক দায়বোধ থেকেই এই কঠিন সময়ে করোনা আক্রান্ত রোগীদের পরিবহনে বিনা পয়সার এ অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর উদ্যোগ নেই। একেবারে অপ্রস্তুত অবস্থায় সীমিত সামর্থ নিয়ে গত ৫ মে এই সার্ভিস চালু করি। এরপর থেকে আমাদের স্বেচ্ছাসেবকরা ঝুঁকি জেনেও সার্বক্ষণিক রোগী পরিবহনে কাজ করছেন। এই সেবা আরও ব্যাপক পরিসরে পরিচালনা করার পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।’
মুহাম্মদ দিলওয়ার সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য। তিনি আবাসন প্রতিষ্ঠান হলি আরবান প্রপার্টিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড-এর প্রকল্প পরিচালক।
তিনি জানান, দিনরাত ২৪ ঘন্টা এ অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়া হচ্ছে। সার্বক্ষণিক ০১৭২৮-৭৮০২২২, ০১৭১৬-২০১৩০৭ ও ০১৭৭০-১৩০২৩৩ এ তিনটি মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিনামূল্যে এ সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।









