সিলেটে এখনো রেড জোন নিয়ে ‘ধুম্রজাল’!

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:৩৩,অপরাহ্ন ২০ জুন ২০২০ | সংবাদটি ৪০৫ বার পঠিতসিলেটে বেশ কিছুদিন থেকেই সর্বত্র আলোচনায় একটামাত্র বিষয় ‘রেড জোনে লকডাউন”। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে স্থানীয় কর্তৃপক্ষ রেড জোন নিয়ে এখনো মন্ত্রণালয়ের কোন নির্দেশনা পায়নি। তাইতো রেডজোন নিয়ে এখনো ‘ধুম্রজাল‘ থেকেই যাচ্ছে।
দফায় দফায় সভা করে সিলেট নগরীর ২৪ টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সাথে জেলার বিভিন্ন উপজেলার অংশ বিশেষকেও করোনা সংক্রমণের দিক বিবেচনায় রেড জোন হিসেবে চিহ্নিত করে সিদ্ধান্ত গ্রহণে সিলেট জেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো কোন নির্দেশনা পায়নি স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার (২০ জুন) সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, গত বুধবার সভা শেষে সিলেটকে এলাকাভিত্তিক রেড জোনের যে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল তার প্রতিউত্তরে কোনো নির্দেশনা এখনো আসেনি।
উল্লেখ্য, গত বুধবার রেড জোনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পর বিভিন্ন গণমাধ্যমে লকডাউনের খবর প্রচার হলে সে সময়ও সিলেটের জেলা প্রশাসক বলেছিলেন, আপাতত তারা রেড জোন শনাক্ত নিয়ে কাজ করছেন। আগে রেড জোনের যে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল তা কিছুটা সংশোধন করে আবার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় তা গ্রহণ করে তাদের সিদ্ধান্ত জানালে উপজেলা পর্যায়ে জেলা প্রশাসন তা বাস্তবায়ন করবে এবং মহানগরীতে বাস্তবায়ন করবে সিটি কর্পোরেশন।









