সিলেটে শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:২০,অপরাহ্ন ১১ জুলাই ২০২০ | সংবাদটি ৬২৯ বার পঠিত
সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে।
রিপন দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকার রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকা্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠেছে ট্যাংক লরি শ্রমিকরা। তারা লাঠি হাতে রাস্তায় নেমে প্রতিবাদ করে। এসময় সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে।








