সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাশিয়ার গুলিতে নিহত ১ আহত ১
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২৫:০১,অপরাহ্ন ১১ জুলাই ২০২০ | সংবাদটি ৪১১ বার পঠিত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপি সংলগ্ন সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পর ভারতীয় খাসিয়া পল্লীর বাসিন্দাদের গুলিতে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় গুলি বিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো এক বাংলাদেশী নাগরিক। এ নিয়ে গত দেড় মাসে কোম্পানিগঞ্জে ভারতীয় খাশিয়ার গুলিতে ৫ জন নিহত হয়েছেন।
সিলেট বিজিবি সুত্রে জানা যায় , আজ দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৯-এস সংলগ্ন দিয়ে ২ জন বাংলাদেশী নাগরিক আনুমানিক ৮০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় খাসিয়া নাগরিকরা উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্র দ্বারা আনুমানিক বাংলাদেশী নাগরিকদের উপর ফায়ার করে। এতে বাংলাদেশী নাগরিক মোঃ বাবুল হোসেন পিতা আমির হোসেন গুলি বিদ্ধ অবস্থায় মৃত্যু বরণ করে।
অপর জন মোঃ কয়েছ মিয়া, গুলি বিদ্ধ অবস্থায় কৌশলে বাংলাদেশে পালিয়ে আসে এবং বর্তমানে পলাতক রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্য দল সীমান্তবর্তী জনগনকে অবৈধভাবে সীমান্ত পারাপার হয়ে ভারতে গমনের ব্যাপারে সর্বদাই নিষেধাজ্ঞাসহ প্রেষণা প্রদান করে আসছে।
সীমান্ত লংঘনের ব্যাপারে এবং অনাকাঙ্খিত ঘটনা রোধকল্পে বিজিবির তরফ থেকে সীমান্তবর্তী জনসাধারণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গর নিকট সর্বদাই সহযোগীতার আবেদন করা হয়ে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আহমেদ ইউসুফ জামিল বলেন, সীমান্ত এই মুহূর্তে অবৈধ চলাচল রোধকল্পে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও সীমান্তে টহল এবং নজরদারী অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে প্রবেশ না করার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে।









