বালাগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৪২:৩৯,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০২০ | সংবাদটি ৩৬৫ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আহমদপুর গ্রামে চা দোকানের পাওনা ২২০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আহমদপুর গ্রামের রইছ আলীর পুত্র ছমির মিয়া (৪৫)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সিলেট-সুলতানপুর বালাগঞ্জ সড়কের মোরার বাজারের দক্ষিনে আহমদপুর গ্রামের মছব্বির আলীর চায়ের দোকানে নিহত ছমির মিয়ার ভাগনা পারভেজের সাথে চা দোকানী মছব্বিরের ২২০ টাকা পাওনা নিয়ে কথা কাটা-কাটির জেরে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ভাগনার সাথে সংঘর্ষ দেখে ছমির মিয়া এগিয়ে আসলে চা দোকানী মছব্বিরের পক্ষের লোকজন তাকে মারধর করে। আহত অবস্থায় ছমির মিয়াকে সিলেট হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ছমির মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।









