রায়হান হত্যা: এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:৫০:৪৮,অপরাহ্ন ১০ নভেম্বর ২০২০ | সংবাদটি ৩৬৮ বার পঠিতসিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদকে হত্যা মামলার অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়ার আদালতে হাজির করে রিমান্ডে নিয়েছে পিবিআই। তবে রিমান্ড শুনানিকালে আকবরের পক্ষে কোনো আইনজীবী অংশ নেননি।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, রিমান্ড শুনানিকালে আকবরের কিছু বলার আছে কিনা জানতে চান বিচারক। এ সময় আকবর নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কোনো দোষ করিনি।
এর আগে সোমবার সিলেট জেলা পুলিশ রাত ৮টার দিকে আকবরকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে। রাতেই পিবিআই তাদের কার্যালয়ে আকবরকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে।
এ বিষয়ে পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান বলেন, আমরা তাকে আদালতে সাত দিনের রিমান্ডে চাই। আদালত শুনানি শেষে সাত দিনের মঞ্জুর করেছেন।









