বিশ্বনাথে আন্তঃজেলা ডাকাত সর্দার শিপন গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২:৪২:০২,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩৬০ বার পঠিতবিশ্বনাথে আন্তঃজেলা ডাকাত সর্দার শিপন হাজারী (৩২)’কে আটক করেছে পুলিশ। সে বালাগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামের মবশ্বির আলীর ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথসহ সিলেটের বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ ২৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুখ্যাত ডাকাত সর্দার শিপন হাজারীর নেতৃত্বে একদল ডাকাত গত সোমবার বিশ্বনাথ উপজেলার সীমান্তবর্তী রশিদপুর এলাকায় প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা থানা পুলিশ এবং ডিবি পুলিশের কয়েকটি বিশেষ টিম ওই রশিদপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। জনসাধারণকে সতর্ক থাকতে গভীর রাতে এলাকার বিভিন্ন মসজিদের মাইকেও ঘোষণা দেয়া হয়। ওই ডাকাতদল ডাকাতি করতে ব্যর্থ হয়ে রাতে উত্তর ধর্মদা গ্রামে একটি কবরস্থানে অবস্থান নেয়। ভোর ৫টার দিকে ডাকাত দলের দুই সদস্য গ্রাম থেকে বের হয়ে সিলেট-ঢাকা মহাসড়কে উঠতে চাইলে সেখানে টহলরত ডিবি পুলিশের দুইজন সদস্য তাদের আটকের চেষ্টা করেন। তখন ওই দুই ডাকাত দৌড়ে পালিয়ে যায়। এসময় তাদের উদ্দেশ্য করে ডিবি পুলিশের এএসআই ফারুক পিস্তল দিয়ে ৪ রাউন্ড গুলি করেন।
এরপর আত্মগোপনে থাকা ডাকাত সর্দার শিপন হাজারী ভিজা কাপড় পরে মঙ্গলবার বিকেলে কবরস্থান থেকে উত্তর ধর্মদা গ্রামের পাকা রাস্তায় বের হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ নুর মিয়ার রিকশায় উঠতে চাইলে তিনি তাকে বলেন ‘তোর কাপড় ভিজে কেন, দেখেতো মনে হচ্ছে তুই ডাকাত’। একথা বলার সাথে সাথে দৌড় দিয়ে পালানো চেষ্টা করে ডাকাত সর্দার শিপন হাজারী।
একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর শিপন হাজারী সাথে নিয়ে উত্তর ধর্মদা গ্রামের কবরস্থান অভিযান চালিয়ে ২টি পাইপগান, ৯ রাউন্ড তাজা কার্তুজ, ১টি গ্রিল কাটার, ২টি টর্চ লাইট, তালা ভাঙ্গার ২টি রড, ২টা প্লাস্টিকের পাইপ ও কিছু পান-সুপারী উদ্ধার করে থানা পুলিশ। গ্রেফতার ও মালামাল উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা।









