সিলেটে ভারতীয় নাগরিক সহ ৩ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:০২,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৮৮ বার পঠিতসিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ শীর্ষ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে। শুক্রবার ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলো, ভারতের শিলংয়ের মুক্তাপুর থানার আমজলং বস্তির রবীন্দ্রনাথ দাশের ছেলে রিকি দাশ (১৯), জৈন্তাপুরের আদর্শগ্রামের মো. বদরুল ইসলামের ছেলে মো. ফারুক ইসলাম (১৮) ও একই গ্রামের মৃত জয়নাল আহমেদের ছেলে মো. শামীম আহমদ (১৮)।
র্যাব-৯ জানায়, বৃহস্পতিবার দুপুরে উপ-অধিনায়ক মেজর মো.শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনের নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরের ছৈলাখেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় ৫৫০ রুপি জব্দ করা হয়।









