সিলেট-তামাবিল সড়কে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:০০:৫৭,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩৫৭ বার পঠিতসিলেট-তামাবিল সড়কের দরবস্ত বাজারে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে গোলাম মোস্তফা (৩৮) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ আরো ৬ জন। নিহত গোলাম মোস্তফা ঢাকা জেলার চাঙ্গারপুল এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে আসেন মোস্তফাসহ তার সহপাঠীরা। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি দরবস্ত বাজারে আসামাত্রই সিলেটগামী বালুভর্তি ডাম্প ট্রাক (ঢাকা মেট্রো-ড- ১৪-৬৬৫১) চলন্ত অবস্থায় বিপরীত দিকে চলে যাওয়ায় মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৫- ৫৪১৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন মাইক্রোবাসের যাত্রী গোলাম মোস্তফা। তাকে গুরুতর আহতবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও হাইয়েসকে জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালকসহ সহযোগিরা পালিয়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও ৬জন যাত্রী আহত হন। জাফলংয়ে বেড়ানোর জন্য সিলেটে তারা ১০জন আসেন।









