রক্তরোগের সু-চিকিৎসার জন্য ওসমানীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:৪৬,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩৫৩ বার পঠিতডেস্ক রিপোর্ট:
জন্মগত জটিল রোগে আক্রান্ত হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এর সিলেট অঞ্চলের প্রতিনিধিবৃন্দ ও থেলাসেমিয়া রোগী কল্যাণ সমিতির সদস্যবৃন্দের সাথে বুধবার (৬ জানুয়ারী) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল রুমে হাসপাতালের ডাক্তারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মেডিকেলের উপ-পরিচালক ও ডাক্তারবৃন্দ সিলেট বিভাগের হিমোফিলিয়া ও থেলাসেমিয়ার রোগীদের সকল ধরনের চিকিৎসা সেবা দ্রুততার সাথে দেওয়ার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে যেভাবে হিমোফিলিয়া ও থেলাসেমিয়া রোগীর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সিলেট বিভাগের রোগীদের ও সেভাবে চিকিৎসা সেবা সহজকরনের লক্ষে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। হিমোফিলিয়া ও থেলাসেমিয়া রোগীদের দুঃখ-দূর্দশার কথা তুলে ধরেন মোঃ মোহিত মিয়া, মোঃ আলমগীর আলম, শাকিল আহমেদ, ময়নুল ইসলাম ও উদাম সাহা। মেডিকেলের উপ-পরিচালক সিলেট বিভাগের সকল থেলাসেমিয়া রোগীদের একটি পূর্নাঙ্গ তালিকা তৈরী করে মেডিকেল কর্তৃপক্ষের নিকট প্রদান করার কথা বলেন। মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তী এবং উপ-পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় হিমোফিলিয়া রোগীদের জীবন রক্ষাকারী ফেক্টর ইনজেকশন সরবরাহ করার আশ্বাস প্রদান করেন। হিমোফিলিয়া রোগীদের প্লাজমা চিকিৎসার সাময়িক অসুবিধার বিষয়ের কথা তুলে ধরেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের এর প্রধান অধ্যাপক ডাক্তার ফজল মোত্তাকীম আমীর মোঃ মোসা চৌধুরী। শীগ্রই এই সমস্যার সমাধানের জন্য মেডিকেল কতৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন। শিশু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডাক্তার যোগীন্দ্র সিংহ এবং শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবুল হক হিমোফিলিয়া ও থেলাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সুচিকিৎসা সহ অন্যান্য সেবা আরো সহজলব্য করে দেয়ার আস্বাস প্রদান করেন। মেডিসিন বিভাগের রেজিষ্টার রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল ইসলাম হিমোফিলিয়া এবং থেলাসেমিয়ার রোগীদের জন্য একটি আলাদা ইউনিট করার প্রস্তাব করেন। হাসপাতালের উপ-পরিচালক মহোদয় এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিভাবে করা যায় তার একটি প্রক্রিয়া তৈরী করার আশ্বাস দেন। হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এর নিবন্ধিত সিলেট বিভাগের সকল হিমোফিলিয়া রোগীদের একটি তালিকা মেডিকেলের ডাক্তারদের কাছে হস্তান্তর করা হয়।
হিমোফিলিয়া রোগী ও অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এহিয়া আহমদ সুমন, রুবেল আহমেদ,মোঃ আঙর মিয়া, মোঃ আতিক আহমেদ, মোঃ জুনাইদ মিয়া, মোঃ শাকিল আহমেদ, আহমদ আল আরিফ প্রমুখ।









