সিলেট কেন্দ্রীয় কারাগারে কয়েদীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:২৪,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৪৪৪ বার পঠিত
সিলেট কেন্দ্রীয় কারাগারে রুবেল মিয়া নামের এক কয়েদি আত্মহত্যা করেছেন। রুবেল কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার পুত্র। তার কয়েদি নং- ৪০১০/এ।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, কারাগারের সেলের ভেতরে গ্রিলের সাথে ঝুলে রুবেল মিয়া নামে এই কয়েদি আত্মহত্যা করেন। এঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে শাহিনুল হক নামে এক কারারক্ষীকে বহিস্কার করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রুবেল মিয়া কারাগারে নিজ সেলের ভেতরে আত্মহত্যার চেষ্টা চালান। মূমূর্ষ অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিনিয়র জেল সুপার জানান, মারা যাওয়া রুবেল মিয়া একটি হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। ৪ বছর ধরে তিনি সিলেট কারাগারে শাস্তি ভোগ করছেন। আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি।
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।








