এমসিতে গণধর্ষণ: আট আসামির বিরুদ্ধে বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:৪৪:৪৯,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৮৫ বার পঠিতসিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় আট আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
রোববার সিলেট বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ সময় ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হকের আদালতে আসামিদের সবাই উপস্থিত ছিলেন।
এই আদালতে সরকার পক্ষের আইনজীবী (পিপি) রাশিদা সাঈদা খানম জানান, অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
অভিযোগ গঠনের আগে তিনজন আসামি মামলা থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আবেদন করলেও বিচারক তা নামঞ্জুর করেন। আগামী ২৪ জানুয়ারি মামলার পরবর্তী ধার্য তারিখে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে।
পিপি অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম বলেন, রোববার ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামি সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলাম অব্যাহতির আবেদন করেন। এছাড়া আসামি অর্জুন লস্কর ও মাহবুবুর রহমান রনি জামিনের আবেদনও করেন। ট্রাইব্যুনালের বিচারক শুনানি শেষে এসব আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন।









