বিয়ানীবাজারের হাওরে মহিলার পোড়া লাশ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৪৫,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩৭৭ বার পঠিত
বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই এলাকার আরশি নগর সংলগ্ন হাওরে এক অজ্ঞাত মহিলার (২৫-৩০) দগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বুধবার হাওরের মাঝখানে পোড়া গন্ধ পেয়ে স্থানীয় লোকজন গিয়ে দেখেন এক মহিলার অজ্ঞাত মৃতদেহ পড়ে আছে, সেই সাথে পা থেকে মাথা পর্যন্ত আগুন দিয়ে পোড়া। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে, তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত অজ্ঞাত ঐ মহিলার পরিচয় শনাক্ত হয়নি। লাশের পরিচয় শনাক্ত ও হত্যা রহস্য উদঘাটনে থানা পুলিশকে সহযোগিতা করতে ঘটনাস্থলে সিলেট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের একটি দল সেখানে যায়।
জানা যায়, মহিলাকে লাউতা ইউনিয়নের গজারাই গ্রাম সংলগ্ন আরশি নগরের পাশের নীরব হাওরে ধানের ছন দিয়ে দগ্ধ অবস্থায় চাপা দিয়ে রাখা হয়। স্থানীয়রা বিকালে এরকম লাশ দেখে বিয়ানীবাজার থানা পুলিশকে অবগত করেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। পোড়া লাশের খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
এ ব্যাপারে লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন জানান, গজারাইয়ের পাশে একটি পোড়া লাশের খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমি আশা করবো তদন্ত সাপেক্ষে লাশের পরিচয় এবং ঘটনাকারীদের পুলিশ বের করতে পারবে।
ঘটনাস্থলে থাকা বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অজ্ঞাত পোড়া মৃতদেহটি পাই। প্রাথমিকভাবে মনে হয়েছে একজন যুবতীর লাশ, লাশের পরিচয় শনাক্তে পুলিশের সাথে সহযোগীতা করছে জেলা পিবিআইয়ের একটি টিম। তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছি।








