বিয়ের দিনেই সরকারী উপহার তুলে দেয়া হবে নব দম্পতিদের হাতে

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:৩১,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩১০ বার পঠিত
পরিবার পরিকল্পনা সন্তান জন্মদানে বাঁধা প্রদান করে না, সুস্থ শিশু জন্মদানে মা ও নবজাতককে চিকিৎসা, পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করে। দাম্পত্য জীবন সুখী-সমৃদ্ধ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। নব দম্পতিরা যাতে বিয়ের প্রথম দিনেই সুখি দাম্পত্য জীবনের সন্ধান পায় সে জন্য শুধুমাত্র গোয়াইনঘাট উপজেলায় বিয়ের দিনেই নব দম্পতিদের হাতে সরকারের পক্ষ থেকে তুলে দেয়া হবে উপহার বক্স। সকলের সহযোগিতায় গড়ে উঠবে প্রতিটি পরবার।
গোয়াইনঘাটে পাঁচদিন ব্যাপী দাম্পত্য জীবনে দেরীতে সন্তান ধারণ বিষয়ক প্রশিক্ষণের সমাপনি দিনে সহকারী পরিচালক সিলেট কেএম সেমিম ভূইয়া কথাগুলো বলেন। আসছে মাস থাকে দম্পতিদের হাতে এই উপহার সংশ্লিষ্টদের মাধ্যমে দেয়া হবে বলে জানান তিনি। ২৩ জানুয়ারী থেকে ২৭ জানুয়ারী দিনভর পরিষদ মিলনায়তনে ইমাম, কাজি, পঃ পঃ অফিসের মাঠ কর্মকর্তা কর্মচারী ও পুরোহিতদের অংশ গ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে প্যাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করেন সিলেটের সহকারী পরিচালক কেএম সেমিম ভূইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল ইসলাম, কমিউনিটি এনগেজমেন্ট এন্ড এসবিসিসি অফিসার সুখী জীবন জ্যানেট শাপলা চৌধুরী ও সুখী জীবন প্রতিনিধি সুমন কুমার। পাঁচদিনের প্রশিক্ষণে দেড় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে পরিবার পরিকল্পনা বিষয়ে সরকারের বিভিন্ন সেবার ও তথ্যপ্রাপ্তি বিষয়ে প্রশিক্ষকরা বিস্তারিত আলোচনা করেন।








