সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩, সুস্থ ১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:৫৭,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ২৭৬ বার পঠিতসিলেটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। এ সময়ে সিলেটে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১ জন, হবিগঞ্জে ১ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৫৭৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩২ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ১৬১ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৭৫ জন।









