এমসিতে ধর্ষণ ও চাঁদাবাজি মামলার বিচার একই সঙ্গে চলবে

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:৫৪,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ২৮৬ বার পঠিতসিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ ও চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলার বিচার চলবে একই সঙ্গে। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে মামলার বাদী, সাক্ষী ও বাদীপক্ষের আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতে সিলেটের পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আসামীদের আইনজীবী না থাকলে তাদেরকে আইনজীবী দিতে বলা হয়েছে।
এদিকে, রোববার আলোচিত এই ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিলো। এ জন্য সকাল ১১টার দিকে মামলার ৮ আসামীকে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে বাদী পক্ষ বিচারিক আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদনের কারণে ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক মামলার সাক্ষ্য গ্রহণ করেননি। বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন এক নববধূ তরুণী। এ সময় ক্যাম্পাস থেকে কয়েকজন ছাত্রলীগ কর্মী ওই তরুণীকে স্বামীসহ কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে তারা স্বামীকে বেঁধে মারধর এবং নববধূকে ধর্ষণ করে।









