সড়ক দূর্ঘটনায় আহতদের পাশে দাড়িয়ে আলোচনায় এসএমপির পুলিশ সদস্য পিংকু

মো: করিম মিয়া
প্রকাশিত হয়েছে : ১:৪০:১২,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ১৫৬৭ বার পঠিত
সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি ‘নির্যাতনে’ রায়হানের মৃত্যুর ঘটনায় এসএমির ব্যাপক রদবদলের পর মানুষের ধারনা পাল্টে দিচ্ছে পুলিশ। প্রতিনিয়তই মাদক, ছিনতাইকারী সহ অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযানের পাশা পাশি নানা জনসচেতনতা মূলক কর্মকান্ডে আলোচনায় আসছে এই সংস্থাটির কয়েকজন সদস্য।
গত বছরের ২ নভেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক সফি আহমেদের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ঐ দিন মানবিক টিম ও সোস্যাল কেয়ার অফ ন্যাশন এর আয়োজনে কুলাউড়ায় স্বেচ্ছায় ১০০ ব্যাগ রক্তদান করা হয়। এছাড়াও করোনা ভাইরাসের লকডাউনে গৃহবন্দী মানুষের পাশে দাড়িয়ে আলোচনায় আসেন এসএমপিতে কর্মরত এই পুলিশ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় তাদের এমন ভালো কাজের প্রশংসা করেন অনেকেই।
গত ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একটি ঘটনায় লোকমুখে আলোচনায় আসেন এসএমপির আরেক পুলিশ সদস্য। তিনি দক্ষিণ সুরমা থানায় কর্মরত পিংকু চৌধুরী সংগ্রাম। সিলেট নগরীর বন্দরবাজার হতে কুমারগাঁও সিএনজি যাবার পথে মীরের ময়দানস্থ কেন্দ্রীয় বেতার কেন্দ্রের সামনে আসা মাত্র একজন বৃদ্ধ লোক রাস্তা পারাপারের সময় একটি সিএনজি অটোরিকশার সামনে পড়েন। চালক বৃদ্ধ লোকটিকে রক্ষা করার চেষ্টা করলে সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে আইলেন এর সাথে ধাক্কা লেগে উল্টে যায়। সিএনজিতে থাকা ৪ জন যাত্রী আহত হয় এর মধ্যে ২ জন লোক গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। আহতরা হলেন, মইনুল ইসলাম (৩৫) তিনি সুনামগঞ্জের বাসিন্দা এবং অপরজন সুমন আহমদ (২৪) তিনি ওসমানীনগর এর বাসিন্দা।
এই সময় পুলিশ লাইন থেকে বাসায় ফিরছিলেন পুলিশ সদস্য পিংকু চৌধুরী সংগ্রাম। পথে এমন ঘটনা দেখে তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল ক্যাজুলেটি বিভাগে ভর্তি করেন। নিজ খরচে চিকিৎসা প্রদানও করেন তিনি। দ্রত ঘটনাস্তল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়ার দৃশ্য অনেকেই মোবাইলে ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। শুরু হয় নানা আলোচনা। কেউকেউ বলছেন পিংকু চৌধুরী সংগ্রামদের মতো মানবিক পুলিশ সদস্যদের কারনেই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি। জয় হোক মানবতার।









