ওসমানী মেডিকেল থেকে ১৪ দালাল আটক, ৯ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:২০,অপরাহ্ন ০২ জুন ২০২১ | সংবাদটি ৩৯৭ বার পঠিতসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৪ দালালকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে আটককৃত ১৪ জনের মধ্যে ৯ জনকে পাঠানো হয়েছে কারাগারে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে বিভিন্ন কৌশলে প্রতারণার ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিতো অভিযোগ রয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।
তিনি বলেন, ১৪ জনের মধ্যে ৫ জন অ্যাম্বুলেন্সের চালক। তাদের ড্রাইভিং লাইসেন্স যাচাই বাচাই করে ছেড়ে দেয়া হয় এবং ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আটককৃত দালালরা হল, গোলাপগঞ্জ উপজেলার কালীজুড়ি গ্রামের মো. তাহির আলীর ছেলে মো. আমির আলী, বিশ্বনাথ উপজেলার দক্ষিণ মিরের চরের গৌউস আলীর ছেলে সোহেল (৩৬), নগরীর পশ্চিম কাজলশাহ এলাকার লাভলু মিয়ার ছেলে তামিম আহমদ (৩০), একই এলাকার মৃত মোজাম্মেল আলীর ছেলে মো. কামাল আহমদ (৪৭), সদর উপজেলার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. জালাল উদ্দিন (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার মৃত রফিকুল ইসলামের ছেলে শাহীন আহমদ (৩০), জকিগঞ্জ উপজেলার মৃত মতিউর রহমানের ছেলে আবুল কালাম (২৮), বালাগঞ্জ উপজেলার করচারপাড়ের মৃত জামাল উদ্দিনের ছেলে সালেহ আহমেদ (৩৪), মেহেরপুর জেলার গাংনী উপজেলার বানিয়াপুকুরের মো. বাদলের ছেলে মো. রাকিবুল ইসলাম (২২)।









