লকডাউন বাস্তবায়নে এসএমপি’র ১৭ টিম
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:২২:৪৬,অপরাহ্ন ২৮ জুন ২০২১ | সংবাদটি ২৭৭ বার পঠিতকরোনাভাইরাসের সংক্রমণ ও এতে মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে ৩ দিনের লকডাউন নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এবার এই লকডাউন বাস্তবায়নে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি’র) ১৭টি টিম সকাল থেকেই মাঠে থাকবে। নগরীতে এবং নগরীর বিভিন্ন প্রবেশমুখে থাকবে পুলিশের শক্ত অবস্থান।
পুলিশ সূত্র জানিয়েছে, সরকারি নির্দেশনা মতে জরুরি সেবা, পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যাতীত সিলেট নগরীতে কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ৬ ফাঁড়ি পুলিশ, ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স মিলে মোট ১৭টি ইউনিট সকাল থেকেই মাঠে কাজ করবে বলে জানিয়েছে এসএমপি সূত্র।
রোববার (২৭ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করেছে সরকার। এতে বলা হয়েছে সারাদেশে শপিংমল, দোকানপাট বন্ধ রাখার কথা।
এছাড়া ওই নির্দেশনায় বলা আছে :
* সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যাতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।
* সকল শপিং মল, মার্কেট, দোকানপাট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং সব ধরনের বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।
* খাবারের দোকান, হোটেলে রেস্তঁরা সকাল ৮টা থেকে রাত ৮ট পর্যান্ত খোলা থাকবে। এসব হোটেল-রেস্তঁরা শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে। হোটেল রেস্তঁরায় বসে কেউ খেতে পারবেন না।
* সরকারি-বেসরকারি সকল অফিস ও প্রতিষ্ঠান শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা-নেওয়া করবে।









